সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের উপস্থিতিতে আমগুলো ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়া একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়। ওজন করে দেখা যায়, সেখানে প্রায় ৯ হাজার কেজি আম রয়েছে। জব্দকৃত আমগুলো কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল।
ইউএনও অর্নব দত্ত জানান, বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত আমগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় তা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে ট্রাকভর্তি আমগুলো নষ্ট (বিনষ্ট) করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আম পরিপক্ক হওয়ার নির্দিষ্ট সময়ের আগে কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে আম পাকিয়ে বাজারজাত করা ঠেকাতে এবং জনস্বাস্থ্য রক্ষায় জেলাজুড়ে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।