অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিকদার ডাইন ও বৈশাখী রেস্তোরা নামে ২টি রেস্টুরেন্ট এবং ইঁশা খাঁ মিষ্টি ঘর নামে একটি প্রতিষ্ঠানকে মোট ছয় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ আগষ্ট) কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করে এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং নিয়ম মানতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনাও দেয়া হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তাদেরকে বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী ৬ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন পেশকার মোঃ বায়েজিদ, স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।