সংবিধান সংশোধনের মাধ্যমে নিষেধাজ্ঞার কথা প্রতিমন্ত্রীর
প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চলমান সংবিধান সংশোধন প্রক্রিয়ায় এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) রংপুরে শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেশের দু-একটি স্থানে পেট্রলবোমা হামলা ও থানা পোড়ানোর মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। এ কারণে বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।
প্রতিমন্ত্রীর দাবি, আওয়ামী লীগ অতীতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী চরিত্র আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তও সঠিক ও যৌক্তিক ছিল বলে দাবি করেন শাহে আলম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে চার সচিবকে নোটিশ
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী বিধিবদ্ধ আইনি কাঠামোর আওতায় আনার দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন গ্রহণ করা হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা হয়েছে। রিটে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়ার কথাও উল্লেখ রয়েছে।
নোটিশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। কমিশনকে অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর কথাও নোটিশে উল্লেখ রয়েছে।
নোটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাবও রয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে ফৌজদারি মামলা করার দাবি জানানো হয়েছে। তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত ও সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টিও নোটিশে স্পষ্ট করা হয়েছে।
প্রতিমন্ত্রীর বক্তব্য এবং আইনজীবীর আইনি নোটিশ—দুটি ঘটনাতেই আওয়ামী লীগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাকে আরও দীর্ঘমেয়াদি ও শক্ত আইনি ভিত্তির আওতায় আনার প্রসঙ্গ সামনে এসেছে। তবে প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের রাজনৈতিক অবস্থান ও সম্ভাব্য উদ্যোগের কথা তুলে ধরলেও আইনি নোটিশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো দাবিমাত্র; এটি আদালতের কোনো আদেশ নয়। নিষেধাজ্ঞার ভবিষ্যৎ আইনি রূপ নির্ভর করবে সংসদীয় প্রক্রিয়া, আইন প্রণয়ন এবং প্রযোজ্য বিচারিক পর্যালোচনার ওপর।