মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিসরের টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের একটি অপরাধী চক্রের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, এই চক্রের সদস্যরা বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করতেন। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও জব্দ করা হয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের অপরাধবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সারাহ দাবি করেন, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। জীবনে এর আগে তিনি কখনো মাদক দেখেননি বলেও দাবি করেন এই উপস্থাপিকা।
আদালত সূত্রের বরাতে জানা গেছে, মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি আসামিদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
প্রায় এক মাস আগে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও সম্প্রতি তা প্রকাশ করা হয়েছে। মিসরের আইনে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দেশটির প্রধান মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই মতামত পাওয়ার পর রায়টি প্রকাশ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
শু/আজা