নওগাঁর পত্নীতলায় পুলিশের রাতভর ঝটিকা অভিযানে কয়েক লাখ টাকা মূল্যের চোরাইমাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও চোরাইমাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে শ্রী সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)। তারা উভয়েই পত্নীতলা উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচারথ-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরেরা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি ইন্টারনেট ফাইবার জয়েন মেশিনসহ কয়েক লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হলে তিনি দ্রুত চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেন।
এরপর পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সুমন চন্দ্র ও মাহমুদুল হককে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে—একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি ও মাদকসহ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।