বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একই প্ল্যাটফর্মে যুক্ত করতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ-২০২৭’। অস্ট্রেলিয়াভিত্তিক এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০টি দেশের ক্রিকেট ক্লাব অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টের ম্যাচ হবে ১২টি দেশে।
রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কেক কেটে টুর্নামেন্টের ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রফিকুল ইসলাম বাবু, জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাভেদ ওমর বেলিমসহ আয়োজক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনটির প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ প্রবাসীদের জন্য দারুণ এক আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদের দারুণভাবে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রবাসীদের মধ্য থেকে ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার উঠে আসার আশাও প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফুটবলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়েরা বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছেন। ক্রিকেটেও প্রবাসীদের মধ্য থেকে কেউ জাতীয় দলে এসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তিনি আশা করেন। এ সময় আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের ৫ হাজার ৪৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অস্ট্রেলিয়ায় উদ্বোধনী ম্যাচ, ফাইনাল আমিরাতে
এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তারকা বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কবির আহমেদ ভূঁইয়া বলেন, বাংলাদেশের বিশাল যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে।
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, অনেক পরিশ্রমের পর এ আয়োজনের ঘোষণা দেওয়া সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উন্নত সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ প্রশংসনীয়। ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা একসঙ্গে কাজ করলে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে, এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে।
সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাঁদের অবদান দেখেছি। তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সঙ্গে অবশ্যই থাকব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জান্নাতুল সুমনা, বিসিবির পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম এবং পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জাপানসহ বিভিন্ন দেশের ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নেবে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরের ক্লাবও এতে যুক্ত হওয়ার কথা রয়েছে।
ক্রিকেটকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একত্র করা, বিভিন্ন দেশের কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে অংশগ্রহণকারী ৩০টি দেশের চূড়ান্ত তালিকা, ম্যাচসূচি ও টুর্নামেন্টের বিস্তারিত নিয়মাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলে আয়োজনের পূর্ণ চিত্র পাওয়া যাবে।