প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল; সত্যতা নিয়ে প্রশ্ন, অভিনেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি
জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হলেও এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিনেতার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওতে পাভেলের মতো দেখতে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে শুরু হয় নানা ধরনের আলোচনা ও মন্তব্য।
তবে ভিডিওটি আসল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী ভিডিওটিকে সত্য বলে দাবি করলেও অন্যরা এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি কিংবা সম্পাদিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এসব দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটির সত্যতা নিয়ে পাভেলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
ফলে ভিডিওতে থাকা ব্যক্তি পাভেল কি না কিংবা ভিডিওটি কবে, কোথায় এবং কীভাবে ধারণ করা হয়েছে—এসব প্রশ্নেরও এখনো নির্ভরযোগ্য উত্তর মেলেনি। বিশেষ করে প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ার বাস্তবতায় শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ভিডিওকে সত্য ধরে নেওয়ার সুযোগ নেই।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হন তিনি।
মীরাক্কেল থেকে দেশে ফেরার পর স্টেজ শো এবং বিভিন্ন নাটকে ছোট চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি না পেলেও ধীরে ধীরে অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেন। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয়জীবনের যাত্রা শুরু হয়।
তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের পর। ধারাবাহিকটিতে ‘জাকির হোসেন নেইমার’ বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটির সংলাপ ও অভিনয় দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে।
এরপর কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেন পাভেল। এসব কাজেও তাঁর অভিনয় দর্শকদের মধ্যে প্রশংসা পায়।
বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চললেও এর সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে পাভেলের ব্যক্তিগত ভিডিও বা তাঁর কোনো কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অভিনেতার বক্তব্য কিংবা নির্ভরযোগ্য কোনো প্রযুক্তিগত যাচাই সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।