দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার; শেষ ম্যাচে মিয়ানমারকে হারালেই সেরা আটে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকবে
আন্তর্জাতিক নারী ফুটবলে প্রথমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ফুটবলে বৃহস্পতিবার নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে ১০-০ গোলে হারের পর এবার একাদশে ছয় পরিবর্তন এনে অভিজ্ঞ খেলোয়াড়দের ফিরিয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশে ফিরেছিলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার ও শামসুন্নাহার জুনিয়র। তাঁদের নিয়ে শুরুতে সাহসী ফুটবল খেললেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজমের পর এবার ছয় গোলের মধ্যে ম্যাচ শেষ করতে পেরেছে দলটি।
ম্যাচের ১৬ মিনিটে কর্নার থেকে হেডে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন কিম মিনজি। দীর্ঘ সময় পর বাংলাদেশের পোস্টে ফেরা গোলকিপার রূপনা চাকমা লাফিয়েও বলের নাগাল পাননি। গোল খাওয়ার পরও বাংলাদেশ কিছুটা সংগঠিত থাকার চেষ্টা করে। ৩৬তম মিনিটে চো হাইজোর দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান রূপনা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দক্ষিণ কোরিয়া। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বেরিয়ে প্লেসিং শটে গোল করেন জেওং দাবিন। পরে ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোলটির আগে দাবিন অফসাইডে ছিলেন। তবে সিদ্ধান্ত বদলায়নি এবং প্রথমার্ধ ২-০ ব্যবধানেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে তহুরা খাতুনকে তুলে আনিকা রানিয়া সিদ্দিকীকে মাঠে নামান বাংলাদেশের কোচ পিটার বাটলার। কিন্তু বিরতির পর দক্ষিণ কোরিয়া আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৫তম মিনিটে চো ইউরি গোল করে ব্যবধান ৩-০ করেন। ৭৬তম মিনিটে সতীর্থের কাটব্যাক থেকে প্লেসিং শটে জি সইয়ুন চতুর্থ গোলটি করেন। এর তিন মিনিট পর বাংলাদেশের জালে পঞ্চমবার বল পাঠান হিউন সিউনজি। যোগ করা সময়ে কো ইয়োজিন করেন দক্ষিণ কোরিয়ার ষষ্ঠ গোল। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
ম্যাচের পরিসংখ্যানেও দক্ষিণ কোরিয়ার আধিপত্য স্পষ্ট। পুরো ম্যাচে ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। মোট ২০টি শটের ১৩টি ছিল লক্ষ্যে, যার ছয়টি থেকেই গোল এসেছে। বিপরীতে বাংলাদেশ পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে পারেনি; প্রথমার্ধে নেওয়া একমাত্র শটটিও ছিল লক্ষ্যভ্রষ্ট।
এই জয়ে টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমসে নারী ফুটবলে এর আগে তিনটি ব্রোঞ্জ পদক জেতা দলটি গ্রুপ পর্বে নিজেদের অবস্থানও শক্ত করেছে। অন্যদিকে টানা দুই হারে কঠিন অবস্থায় পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারের পরও সেরা আটে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দল কোয়ার্টার-ফাইনালে উঠবে।
বাংলাদেশের সেই হিসাব টিকিয়ে রাখতে শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে জিততে হবে। সোমবার হবে দুই দলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দক্ষিণ কোরিয়ার কাছে মিয়ানমারও ৫-০ গোলে হেরে আসর শুরু করেছে। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে টিকে থাকার লড়াই।