কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের মা ও দুই সন্তান রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) এবং অটোরিকশাচালক নিহত হয়েছেন। চালকের পরিচয় এখনো জানা যায়নি। আহত শরিফার মেয়ে বৃষ্টি (২৫)।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।
ওসি জানান, নিহত ব্যক্তিরা ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায়।
রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।