প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলতি সপ্তাহের শুরুতে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে তুমুল আলোচনা হয়েছে। এ সময় উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্য অখিলেশ যাদব দাবি করেন, শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়ে বিজেপি সরকার মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজনৈতিক সংকট থেকে রক্ষা করেছে।
মঙ্গলবার পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে অখিলেশ যাদব বলেন, সরকার শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছে। তার দাবি, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারত, যেখানে প্রধানমন্ত্রীকেও জবাবদিহির মুখে পড়তে হতো।
তিনি আরও বলেন, গত দুই মাস ধরে দেশের লাখো তরুণ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন করেছেন। সরকার যেন তাদের সব যৌক্তিক দাবি মেনে নেয় এবং শিক্ষাব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মোদি সরকার জনগণের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে বরং ষড়যন্ত্র হিসেবে দেখে।
পার্লামেন্টে তিনি বলেন, গত দুই মাস ধরে লাখ লাখ তরুণ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এবং সরকারের কাছে জবাব চেয়েছেন। কিন্তু তাদের দাবির জবাব না দিয়ে সরকার লাঠিচার্জ ও ব্যারিকেডের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করেছে।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে প্রায় দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
সূত্র: এনডিটিভি
শু/আজা