‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে ঘৃণা ছড়াচ্ছেন নিউইয়র্কের মেয়র মামদানি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তাঁকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে এবং গাজা যুদ্ধের জন্য নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে ‘ঘৃণা’ ছড়াচ্ছেন। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, একজন মেয়রের উচিত সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হওয়া। কিন্তু মামদানি এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে উসকে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং এ বিষয়ে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা মূল ইস্যু থেকে দৃষ্টি সরানোর চেষ্টা।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছিলেন, শহরের সরাসরি আইনি ক্ষমতা না থাকলেও তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানাবেন। তিনি স্পষ্ট করে বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুসহ কোনো পলাতক যুদ্ধাপরাধীকে নিউইয়র্কে স্বাগত জানানো হবে না।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। এই প্রেক্ষাপটে আইসিসি নেতানিয়াহু, তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের এক নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের দ্বিদলীয় সমর্থন বর্তমানে প্রগতিশীল ডেমোক্র্যাটদের অবস্থানের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেওয়ারও কথা রয়েছে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত