ভারতের শীর্ষ স্তরের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি-র মালিকানা মাত্র ১০০ রুপির প্রতীকী মূল্যে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা স্টিল। ক্লাবটির শতভাগ মালিকানা পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী চার্চিল ব্রাদার্স। টাটা স্টিলের মালিকানাধীন জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের অধীনেই পরিচালিত হয় জামশেদপুর এফসি। প্রতিষ্ঠানটির পুরো অংশীদারত্ব চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে টাটা স্টিলের পরিচালনা পর্ষদের বিশেষ কমিটি।
চুক্তি অনুযায়ী, জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের ৪ কোটি ৮ লাখ শেয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ রুপি হলেও পুরো মালিকানা হস্তান্তরের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ রুপি।
ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে শেয়ার কেনাবেচার চুক্তিও সম্পন্ন হয়েছে। তবে মালিকানা হস্তান্তরের জন্য প্রয়োজন হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুমোদন।
১০০ রুপির এই চুক্তি বিস্ময় তৈরি করলেও ক্লাব পরিচালনাকারী প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম একেবারে ছোট নয়। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির টার্নওভার ছিল প্রায় ৩২ কোটি ২৩ লাখ রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামশেদপুর এফসি কেনার জন্য আরও দুটি বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত চার্চিল ব্রাদার্সের সঙ্গেই চুক্তি করেছে টাটা স্টিল।
টাটা স্টিলের করপোরেট সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডি বি সুন্দর রামম বলেন, ভারতীয় ফুটবলে চার্চিল ব্রাদার্সের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই চুক্তির ফলে জামশেদপুর এফসির খেলোয়াড় ও কোচদের ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
২০১৭ সালে প্রতিষ্ঠিত জামশেদপুর এফসি ইন্ডিয়ান সুপার লিগের পরিচিত দল। ক্লাবটির মালিকানা পেলে ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবলে চার্চিল ব্রাদার্সের নতুন করে প্রবেশের সুযোগ তৈরি হবে। তবে বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে ফেডারেশনের অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রতিযোগিতার নিয়ম পূরণের ওপর।
জামশেদপুর এফসির মালিকানা ছাড়লেও ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না টাটা স্টিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে তাদের মূল মনোযোগ থাকবে টাটা ফুটবল একাডেমি ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড় উন্নয়ন কার্যক্রমে।
টাটা ফুটবল একাডেমির রয়েছে দীর্ঘদিনের সাফল্যের ইতিহাস। এই একাডেমি থেকে ভারতের বিভিন্ন জাতীয় দলের হয়ে খেলা দেড় শতাধিক ফুটবলার উঠে এসেছেন। তাদের মধ্যে বয়সভিত্তিক ও সিনিয়র জাতীয় দল মিলিয়ে ২৬ জন ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন।