ফ্রান্সে নিযুক্ত ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ইরানে ফ্রান্সের দুই কূটনীতিককে আটক করার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এক্সবার্তায় তিনি বলেন, ইরান সরকার তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক’ আচরণ করেছে। তাদের একজন সাংস্কৃতিক অ্যাটাশে। এ ঘটনার পরিণতি ইরানকে ভোগ করতে হবে বলে আগে সতর্ক করেছিলেন তিনি। এর অংশ হিসেবে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ের মাঝামাঝি ইরানি শিল্পী আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে ফ্রান্সের দুই কূটনীতিকের বৈঠক হয়। পরে ১৯ জুলাই ওই দুই কূটনীতিক ও দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী।
তাদের বিরুদ্ধে ‘নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগ আনা হয়। পরে দুই কূটনীতিককে মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হলেও ইরানে তাদের পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ওই দুই শিল্পীর বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানে সাধারণ নাগরিকদের ওপর নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শু/আজা