ঢালিউডে পরিবর্তনের হাওয়া, পেশাদারিত্বে জোর অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় পরিবর্তনের হাওয়া বইছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। ঢালিউড কুইন অপু বিশ্বাসের মতে, সিনেমার কাজের মান ধরে রাখতে এখন আর কোনো আপসের সুযোগ নেই; প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব ও নিবেদন।

এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দেশীয় সিনেমার বর্তমান পরিস্থিতি এবং কারিগরি দলের কাজের প্রশংসা করেন এই অভিনেত্রী।

বাংলাদেশের কারিগরি কুশলীদের মেধার মূল্যায়ন করে অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। নাহলে আমরা বা আমাদের আগের-পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়। তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটাও খুব জরুরি।’

কাজে পেশাদারিত্ব ও নিখুঁত পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনাল। প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই যে কাজটাই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকবে ১০০ পারসেন্ট, কোনো ছাড় থাকবে না।’

সিনেমা নির্মাণে অতীতের সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার।’

দেশীয় টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে।’

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন পেশাদার শিল্পী হিসেবে কাজের ভালো-মন্দ মূল্যায়নের সক্ষমতা তার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই চলচ্চিত্রে পরিবর্তনের নতুন ধারাকে প্রশংসনীয় বলে মনে করেন তিনি।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত