টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান।
১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলার পাশাপাশি শায়ান জাহাঙ্গীর ও মোনাঙ্ক প্যাটেলের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ায় শাদাব খানও ম্যাচ সেরার দাবিদার ছিলেন। তবে বিস্ফোরক ব্যাটিংয়ে সবাইকে ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাহিবজাদা।
কলম্বোয় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান ৩২ রানে যুক্তরাষ্ট্রকে হারায়। ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে যুক্তরাষ্ট্রকে ১৫৮ রানে আটকে দেয় তারা।
এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল পাকিস্তানের। চলতি আসরে দুই দলের প্রথম ম্যাচে অঘটনের পুনরাবৃত্তি হতে পারে বলে অনেকেই শঙ্কা করেছিলেন। তবে আগ্রাসী ব্যাটিংয়ে সেই শঙ্কা অনেকটাই দূর করে দেন সাহিবজাদা।
পাকিস্তানের হয়ে কেবল টি-টোয়েন্টিতেই খেলেন সাহিবজাদা। ৪১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার চতুর্থ ম্যাচ সেরার পুরস্কার। এর আগে গত বছর বাংলাদেশের বিপক্ষে দুবার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।
সাইম আইয়ুবের সঙ্গে ৫৪ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন সাহিবজাদা। অধিনায়ক সালমান আলি আগার দ্রুত বিদায়ের পর বাবর আজমের সঙ্গে আরেকটি কার্যকর জুটি গড়েন তিনি।
২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন সাহিবজাদা। বাবরের সঙ্গে তার ৫০ রানের জুটি আসে ৩৮ বলে। বাবর আউট হওয়ার পর বেশি সময় টিকতে পারেননি তিনি। ৪১ বলে পাঁচ ছক্কা ও ছয় চারের সাহায্যে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন এই ওপেনার।