টানা নবম দিনে ইরানে মার্কিন হামলা, একাধিক শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

টানা নবম দফায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তার বরাতে জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোরমোজ শহরে মার্কিন হামলার পর বুশেহর প্রদেশের দাশতি কাউন্টির প্রশাসনিক কেন্দ্র খোরমোজের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

এদিকে মার্কিন বাহিনীর হামলায় ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত দুই দিনে তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার হামলার তীব্রতা আরও বাড়ানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের জন্য হুমকি তৈরি করতে সক্ষম ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক এবং বুশেহর প্রদেশের খোরমোজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে। অন্যদিকে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, সাম্প্রতিক হামলায় আবারও ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাবরিজে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত হলে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর এই প্রথম উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি হামলার মুখে পড়বে।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, হামলার জবাবে লোরেস্তান প্রদেশ থেকে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত