পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় গত দুই দিনে বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী ও হামলাকারী মিলিয়ে অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে ৩১ জন বেসামরিক নাগরিক, ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৪৫ জন হামলাকারী।
বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করেছে। এর আগে সংগঠনটি দাবি করেছিল, এসব হামলায় কয়েক ডজন সেনা নিহত হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও আশপাশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলায় মূলত বেসামরিক নাগরিকদেরই নিশানা করা হয়। প্রদেশটির অন্তত ১২টি শহরে পুলিশ ও আধাসামরিক বাহিনীর স্থাপনা, কারাগার এবং সরকারি ভবন লক্ষ্য করে গ্রেনেড ও বন্দুক হামলা চালানো হয়।
কোয়েটায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, যেসব জেলায় হামলা হয়েছিল, সেসব এলাকায় রোববার অভিযান চালিয়ে হামলাকারীদের নির্মূল করা হয়েছে।
এই হামলার ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। পাকিস্তান সরকার কয়েক দশক ধরে বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমনে অভিযান চালিয়ে আসছে।
পাকিস্তান সরকার এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে তুলেছে। তবে ভারত এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে।