যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন।

বুধবার (২৯ জুলাই) ইরাকের প্যারামিলিটারি বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

২০১৬ সালে ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একীভূত হওয়া পিএমএফ এক বিবৃতিতে জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন সামরিক অবকাঠামোতে হামলা হয়েছে। এতে একাধিক সদর দপ্তর, সামরিক যান ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিএমএফের ৩০ নম্বর ব্রিগেড জানায়, নিনেভেহ প্রদেশে রাত ৩টা ২০ মিনিটের দিকে সাত দফা বিমান হামলা চালানো হয়। সেখানে অন্তত ১০ জন নিহত এবং ছয়জন আহত হন।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি জরুরি বৈঠক আহ্বান করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর নিনেভেহ ও বাসরা প্রদেশের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধারকাজে অংশ নিতে দেখা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নির্দেশনায় ইরাকভিত্তিক একটি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এর জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সৌদি আরবও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটি জানিয়েছে, তারা নতুন করে উত্তেজনা চায় না। তবে পরিস্থিতির অবনতি হলে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএনএন

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত