রুশ হামলায় কিয়েভে নিহত ১৭, আহত ৪০-এর বেশি

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ইউক্রেনের পরিবহন অবকাঠামো, লজিস্টিক নেটওয়ার্ক এবং সেনাবাহিনীর রসদ বিতরণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

রাশিয়ার ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। তবে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দীর্ঘদিন ধরেই ভুগছে দেশটি।

সম্প্রতি ইউক্রেন নিজস্বভাবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মধ্যেই কিয়েভে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

হামলার পর জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত ব্যালিস্টিক ইন্টারসেপ্টর থাকলে এ হামলা এবং প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

এখন পর্যন্ত ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রযুক্তি হস্তান্তরের অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

পরে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে তিনি যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো মিত্রদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হচ্ছে ইউক্রেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব এসব জটিলতা দূর করে ইউক্রেনকে কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া প্রয়োজন। কারণ, দেশটির নাগরিকদের নিরাপত্তা ও দৈনন্দিন জীবন এর ওপর নির্ভর করছে।

সূত্র: এএফপি

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত