ইরানের সঙ্গে আলোচনা শুরুর ট্রাম্পের দাবি নাকচ করল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার তো নয়ই, নিকট ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক বা আলোচনা শুরু করার পরিকল্পনা নেই।

রোববার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, সোমবার (৩ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি বলেন, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের বিষয়টিও গুরুত্ব পাবে।

তবে ট্রাম্পের ওই বক্তব্যের একদিনের মধ্যেই সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই তা নাকচ করে দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হচ্ছে না এবং শিগগিরই কোনো বৈঠকের সূচিও নেই। একই সঙ্গে আসন্ন দিনগুলোতে কোনো বিদেশি প্রতিনিধি দলকে আতিথ্য দেওয়া বা ইরানি প্রতিনিধিদলকে বিদেশে পাঠানোরও কোনো পরিকল্পনা নেই।

বাঘায়েই আরও জানান, ইরানের আলোচক দলের প্রধান সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ছাড়া বাকি সদস্যরা বর্তমানে ইরানেই অবস্থান করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ধর্মীয় তীর্থযাত্রায় বর্তমানে ইরাকে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলতি সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা নেই। তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক সম্ভব নয় বলেও জানান ওই কর্মকর্তা।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতা চান, কারণ তিনি আরও প্রাণহানি দেখতে চান না। তবে চুক্তি না হলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: রয়টার্স

এলাকার খবর

সম্পর্কিত