নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২৬ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির পুলিশ ও জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানান, চিতওয়ানে ১০৯টি, পূর্ব নাওয়ালপারাসিতে ৬২টি, দাধিংয়ে ২৭টি, গোর্খায় ২০টি, রাসুয়ায় ১৭টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ১৫টি, নুয়াকোটে ১২টি এবং তানাহুনে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন। তাঁদের মধ্যে সেনাবাহিনীর ৪৪ ও পুলিশের ২৮ সদস্যসহ সশস্ত্র বাহিনীর আরও ১৩ সদস্য রয়েছেন।
বুধবার সকালে আকস্মিক বন্যায় ত্রিশূলী, নারায়ণী ও ভোটেকোশি নদীর পানি বেড়ে যায়। প্রবল স্রোতে বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যায়।
এদিকে, নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। গতকাল তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল চীন।
শু/আজা