নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশি নদী দিয়ে ধেয়ে আসা আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপাল পুলিশের সর্বশেষ আপডেটে জানানো হয়, দুপুর ৩টা ৫০ মিনিট পর্যন্ত আটটি জেলা থেকে ৩৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ২৮৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল পুলিশ।
বুধবার সকালে উজান থেকে হঠাৎ পানি, কাদামাটি ও পাথরের বিশাল ঢল নেমে আসে। ত্রিশূলি, নারায়নি ও ভোটেকোশি নদীর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলের সঙ্গে ভূমিধসের কাদামাটি ও পাথর মিশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, ঢলের তীব্রতায় পথে থাকা ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকেও মানুষকে সরানো হচ্ছে।
নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া চীন তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।
শু/আজা