চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাসনিম জানায়, মঙ্গলবার মার্কিন বাহিনীর একাধিক হামলায় ইরানের নৌবাহিনীর ওই ছয় সদস্য নিহত হন। তবে হামলার নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে তাসনিমের বরাত দিয়ে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর চালানো হামলায় ইরানের নৌবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার জন্যও মার্কিন হামলাকে দায়ী করেছেন। তবে নৌবাহিনীর ছয় সদস্য খুজেস্তানে নিহত সাতজনের তালিকার মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
শু/আজা