আগামী ২১ আগস্ট থেকে ঘরোয়া ফুটবলের ২০২৬-২৭ মৌসুম শুরুর কথা। কিন্তু বিভিন্ন জটিলতা ও প্রস্তুতির অভাবে টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। দেশের ফুটবলের শীর্ষ দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস এখনো ফিফা নিষেধাজ্ঞার বৃত্তে বন্দী। এছাড়া ফর্টিজ এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি ছাড়া অন্য কোনো ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে প্রি-সিজন ক্যাম্পই শুরু করতে পারেনি।
এমন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে জরুরি আলোচনায় বসছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে।
ঘরোয়া লিগ দেখভালের মূল দায়িত্ব পেশাদার লিগ কমিটির হলেও এই সংকটময় সময়ে তারা কোনো সভা ডাকেনি। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি (যিনি বসুন্ধরা কিংসের সভাপতিও) ইমরুল হাসান বাফুফের সাম্প্রতিক সভাগুলোতেও অনুপস্থিত ছিলেন। ফলস্বরূপ, ফেডারেশনের সভাপতিকে সরাসরি ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। ক্লাবগুলোর কাছে পাঠানো চিঠিতে সই করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি দেয়া হয়েছে লিগ কমিটির চেয়ারম্যানকে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট লিগ শুরু হওয়ার কথা। কিন্তু বেশির ভাগ ক্লাব এখনো কোচই চূড়ান্ত করতে পারেনি, অনুশীলন তো দূরের কথা। এর ওপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রয়েছে ফিফা উইন্ডো। বাংলাদেশ আসিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিলে ২-৩ সপ্তাহের প্রস্তুতি দরকার। দুই ম্যাচ খেলে লিগ বন্ধ রাখলে ক্লাবগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে।
বাংলাদেশের ফুটবলে ফেডারেশন ও ক্লাবগুলোর এমন জরুরি বৈঠক মানেই সাধারণত দলবদলের সময়সীমা বাড়ানো বা খেলা পেছানোর মতো সিদ্ধান্ত। আজকের বৈঠকে মৌসুমের সূচি পেছানোর জোরালো দাবি জানিয়ে অক্টোবর থেকে ঘরোয়া ফুটবল শুরু করার পক্ষে মত দিতে পারে ক্লাবগুলো। বৈঠকে মৌসুমের সূচি, দলবদলের সময়সীমা ও ক্লাবগুলোর প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।