ইসিকে বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির লোক ছিলেন। পরে তাঁকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই ভবনে অবস্থান করছেন। ফলে বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে।’

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই এবং নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দল রাজপথে আন্দোলন করছে। সংসদেও তারা জোরালো ও যুক্তিসঙ্গত ভূমিকা পালন করছে।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার লক্ষ্যেই ১১ দলীয় জোট ও বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।

অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং এর প্রাপ্তিস্বীকারপত্রও পাওয়া গেছে।

তিনি জানান, মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত