বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে তৎপরতা জোরদার হয়েছে। এ লক্ষ্যে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের পর বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, পাকিস্তান ভারত ম্যাচ খেলতে রাজি হলেও তিনটি শর্ত দিয়েছে। শর্তগুলো হলো—
১) বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে,
২) বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দিতে হবে,
৩) ভবিষ্যতে আইসিসির একটি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দিতে হবে।

সূত্র জানায়, পিসিবির কয়েকজন কর্মকর্তা ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর পরামর্শেই নেওয়া হবে বলে জানা গেছে।

ভারত ম্যাচ বয়কট নিয়ে আলোচনা করতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বাংলাদেশের দাবির বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিরোধ নিষ্পত্তিতে একটি সমাধানসূত্র (ফর্মুলা) তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইসিসি ও বিসিবি প্রস্তাব বিনিময় করেছে এবং পিসিবি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

বৈঠক শেষে ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসি সদর দপ্তরে ফিরে যান। অন্যদিকে বিসিবি সভাপতি বিষয়টি সরকারকে জানাতে দেশে ফেরেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। একই সময়ে আইসিসির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে বিসিবিও। আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে নিরাপত্তা শঙ্কায় বিসিবি বিশ্বকাপে তাদের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। একপর্যায়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক গুরুত্ব

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল বাণিজ্যিক মূল্য। শিল্পখাতের হিসাব অনুযায়ী, একটি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট বাণিজ্যিক মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার কোটি ভারতীয় রুপি

একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচে মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হতে পারে। বিজ্ঞাপন থেকেই আয় হতে পারে প্রায় ৩০০ কোটি রুপি। ফলে ম্যাচটি বাতিল হলে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো।

এলাকার খবর

সম্পর্কিত