প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই শেষ চারে জায়গা নিশ্চিত করার সুযোগও ছিল হামজা চৌধুরীদের সামনে। সে জন্য অপেক্ষা ছিল ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলের। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। দুই দলের ২-২ গোলের ড্রয়ে শেষ ম্যাচ খেলার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ (রোববার) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় ভুটান। এই ড্রয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচে হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে খেলবে স্বাগতিকরা।
অন্যদিকে, দুই ম্যাচ শেষে ভুটানের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ফলে সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে হলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তবে সমীকরণ এখন বেশ কঠিন ভুটানের জন্য।
ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল ভুটানই। ৩৪ মিনিটে বাম দিক থেকে চেনচো একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বল বাড়ান। নামজেল শট নিলে তা ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দাওয়া শেরিং সহজেই জালে পাঠালে ১-০ গোলে এগিয়ে যায় ভুটান।
তবে ভুটানের সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই অলিভার জেমস গোল করে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান। বিরতির ঠিক আগে, ৪৩ মিনিটে জেমসের ক্রস থেকে ওয়াসিম রাজেক গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ভুটান। ৬৭ মিনিটে পেনাল্টি পেয়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও তৈরি হয়েছিল তাদের সামনে। কিন্তু দলের অভিজ্ঞ ফুটবলার চেনচো গ্যালস্টেনের নেওয়া স্পটকিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার অধিনায়ক ও গোলরক্ষক সুজন পেরেরা।
তবে সেই পেরেরার ভুলেই শেষ পর্যন্ত সমতায় ফেরে ভুটান। ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। ফিরতি বল পেয়ে দারুণ এক শটে জালে পাঠান চেনচো। তাতে ২-২ সমতায় ফেরে ভুটান।
বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। আর তাতেই শেষ ম্যাচের অপেক্ষা ছাড়াই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।