রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানাজা শেষে মরদেহ তাঁর জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির যাত্রা ও বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নব্বইয়ের দশকের শুরুতে ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার আগপর্যন্ত তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও আবাহনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। এ ছাড়া ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সাল পর্যন্ত বাফুফের নির্বাহী কমিটিতে ছিলেন তিনি। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড ও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার। ২০২৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সেরা ক্রীড়া সংগঠকের সম্মাননাও পান তিনি।
ক্রীড়া সংগঠক পরিচয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করেছিলেন তিনি।
ব্যক্তিজীবনে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই বর্ষীয়ান সংগঠক।
তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও আবাহনী লিমিটেড।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে হারুনুর রশীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের বিকাশে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করেছেন হারুনুর রশীদ। তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠককে হারাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন।