দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইমেজ সংকট কাটিয়ে সংস্থাটিকে আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান।
রোববার (২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মো. সাইদুর রহমান খান বলেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই কমিশন গঠিত হবে। নতুন সরকার সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং দেশ বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি দুদকে দায়িত্ব নিয়েছেন।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি নির্মূল অপরিহার্য। দুদক সম্পর্কে নানা ধরনের সমালোচনা ও নেতিবাচক ধারণা রয়েছে। এসব দূর করে সংস্থাটিকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নবনিযুক্ত সচিব আরও বলেন, দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি নির্মূল ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয় এবং টেকসই উন্নয়নের জন্য দুর্নীতিকে প্রতিহত করতেই হবে।
এর আগে, গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া শিক্ষায় এমএ সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিও লাভ করেছেন।