সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে। উভয় দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, যা ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, “কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের সরকারও দেশটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।