স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইওএমের সঙ্গে দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করা, জাতীয় মানবপাচার প্রতিরোধ কার্যক্রম শক্তিশালীকরণ, প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আইওএমের মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ইউএন হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. লরা টম-বন্ডকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ (আইবিএম) কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইওএম।
এছাড়া মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং এ ক্ষেত্রে আইওএমের কারিগরি সহায়তা, নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ও বৈশ্বিক তহবিল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে আইওএমের মিশন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শু/আজা