চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (আনুমানিক ৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে সদর থানা ও জিআরপি পুলিশের সদস্যরা কাজ করছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শু/আজা