মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে সুদমুক্ত শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ ঋণব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে শুরু করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ সুবিধা চালু হতে পারে।নতুন এই ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রচলিত সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে অর্থ দেওয়া হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদের পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে সমপরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে। এই অর্থ সরকারি কোষাগারে জমা না হয়ে ভবিষ্যতে শরিয়াহভিত্তিক ঋণ নেওয়া অন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষাঋণ গ্রহণের ক্ষেত্রে ধর্মীয় দ্বিধায় ভোগেন। নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো, ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন।নতুন এই ঋণব্যবস্থার ভিত্তি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতি। এটি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত আর্থিক সুরক্ষার একটি পদ্ধতি। এর আওতায় শিক্ষার্থীরা ঋণের মূল অর্থের অতিরিক্ত সুদ পরিশোধ করবেন না। বরং সুদের সমপরিমাণ অর্থ অবদান হিসেবে জমা দেবেন, যা ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ইসলামি অর্থায়ন তদারকি বোর্ড এ ব্যবস্থাকে শরিয়াহসম্মত হিসেবে সনদ দেবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ঋণব্যবস্থায় শিক্ষার্থীদের পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রচলিত শিক্ষাঋণের মতোই থাকবে। শুধু অর্থ পরিশোধের ধরন এবং সেই অর্থ ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য থাকবে। নতুন ব্যবস্থায় যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে এটি মূলত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে।ইতোমধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের এই সুদমুক্ত ঋণ ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। লিডস বিশ্ববিদ্যালয়ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ সুবিধা চালুর সম্ভাবনার কথা জানিয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং সিটি সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের জানিয়েছে, নতুন ঋণব্যবস্থা সুদভিত্তিক হবে না। নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এটিকে সুদমুক্ত ও শরিয়াহসম্মত অর্থায়ন হিসেবে বর্ণনা করেছে। ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ও ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে অনিচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থাকে শরিয়াহসম্মত বলে উল্লেখ করেছে।তবে নতুন এ উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এর ফলে দেশটির উচ্চশিক্ষাব্যবস্থায় দুই ধরনের কাঠামো তৈরি হতে পারে, যা সমাজে বিভাজন বাড়াবে।রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, এটি ব্রিটিশ সমাজে বিভাজন তৈরি করতে পারে। তার দাবি, শরিয়াহ ঋণ শুধু মুসলিম শিক্ষার্থীদের সুবিধার জন্য তৈরি হওয়ায় শিক্ষাব্যবস্থায় দুই স্তরের কাঠামো গড়ে উঠবে। তিনি আরও প্রশ্ন তুলেছেন, ঋণের অর্থ পুরোপুরি আদায় না হলে শেষ পর্যন্ত সেই দায় করদাতাদের বহন করতে হবে।প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি অর্থায়নবিষয়ক সংস্থা ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এই ঋণব্যবস্থা তৈরির জন্য সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ পেয়েছে। সরকার এই উদ্যোগকে বিশ্বের প্রথম দিককার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ কর্মসূচিগুলোর একটি হিসেবে তুলে ধরেছে।তবে নতুন ব্যবস্থায় ঋণ পরিশোধ না হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না। সরকারি পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাজ্যে শিক্ষাঋণের প্রায় অর্ধেক অর্থই শেষ পর্যন্ত পুরোপুরি আদায় হবে না। এ ক্ষেত্রে নতুন শরিয়াহ ঋণের অর্থ আদায় না হলেও করদাতাদের ওপর আর্থিক দায় বর্তাতে পারে।অন্যদিকে, প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থার সুদ থেকে পাওয়া অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয় এবং রাষ্ট্রীয় ব্যয়ে ব্যবহার করা হয়। কিন্তু নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অবদান শুধু বিকল্প শরিয়াহভিত্তিক ঋণ কর্মসূচিতে অংশ নেওয়া ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে।যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ (ডিএফই) অবশ্য এ ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নাকচ করেছে। বিভাগের এক মুখপাত্র বলেছেন, বিকল্প শিক্ষাঋণ ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীদের বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে—এমন দাবি সম্পূর্ণ ভুল। উভয় ব্যবস্থার আওতায় স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের ঋণ পরিশোধের নিয়ম ও পরিমাণ একই থাকবে। প্রচলিত ঋণের সুদের পরিবর্তে নতুন ব্যবস্থায় সমপরিমাণ বিকল্প অবদান যুক্ত করা হবে।তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাঋণ প্রচলিত বাণিজ্যিক ঋণের মতো নয়; এখানে ঋণগ্রহীতাদের ওপর আর্থিক চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এবং পুরো শিক্ষাঋণ ব্যবস্থায় সরকার আগে থেকেই বড় অঙ্কের ভর্তুকি দিয়ে আসছে।এদিকে, ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত মুসলিম সেনসাসের এক জরিপে দেখা যায়, ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিয়ে ধর্মীয় দ্বিধায় ভোগেন। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশের দাবি, বিদ্যমান শিক্ষাঋণ ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক।তবে ইসলামি আলেমদের একটি অংশ মনে করেন, প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থার আওতায় ঋণ নেওয়াও মুসলিমদের জন্য বৈধ হতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থাকে অনুমোদন দিয়েছে।২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত বিকল্প শিক্ষাঋণ ব্যবস্থায় কোনো সুদ অন্তর্ভুক্ত থাকবে না। দেশটির শিক্ষা বিভাগ এখনো ঋণ চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে চলতি বছর থেকে শুরু হওয়া শিক্ষাঋণ ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এটি পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা রয়েছে।সূত্র: দ্য টেলিগ্রাফএআরবি

১

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১

২

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান

৩

বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব

৪

মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

৫

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার

৬

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল

৭

জুলাই আন্দোলনে আহত হয়েও তালিকায় নাম নেই, আবেদন করবেন যেভাবে

৮

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

৯

তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক শুরু

১০

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র

১১

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

১২

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

১৪

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৫

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }