প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

স্বামী বিচ্ছেদ চান। কারণ, তিনি অন্য এক নারীর প্রেমে পড়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কেউবা স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করতেন। কিন্তু এই গল্পের নারীটি অন্য রকম। তিনি পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে কান্নায় ভেঙে না পড়ে তিনি বরং একটি শর্ত জুড়ে দেন, বিচ্ছেদ হলে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ে করার অনুমতি দিতে হবে।

এই এক সিদ্ধান্ত থেকেই শুরু হয় ক্ষমতা, প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনীতি ও প্রতিশোধের এক জমজমাট আখ্যান। নাম ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসের এই কোরীয় সিরিজ মুক্তির পর মাত্র তিন দিনেই প্ল্যাটফর্মটির ইতিহাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, মেক্সিকো, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৫০টির বেশি বাজারে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।

৩ বিলিয়ন ভিউয়ের গল্প থেকে পর্দায়
‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রয়েছে এর মূল গল্পের। কোরীয় লেখক আলফাটার্টের লেখা ওয়েব উপন্যাস থেকে প্রথমে তৈরি হয় ওয়েবটুন। বিশ্বজুড়ে এই ওয়েবটুনের পাঠকসংখ্যা বিপুল। ডিজনির হিসাবে, মূল ওয়েবটুনটি এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে। ইংরেজি, স্প্যানিশ, জাপানিসহ ১০টির বেশি ভাষায় ছড়িয়ে পড়েছে এর জনপ্রিয়তা। ফলে পর্দায় আসার আগেই তৈরি হয়েছিল বিশাল আন্তর্জাতিক দর্শকগোষ্ঠী।

ওয়েবটুনের এমন বিপুল জনপ্রিয়তার কারণও আছে। এখানে প্রচলিত রাজকীয় প্রেমের গল্পের ছক উল্টে দেওয়া হয়েছে। সাধারণত রাজপ্রাসাদের গল্পে ক্ষমতাবান সম্রাজ্ঞীকে দেখা যায় প্রতিদ্বন্দ্বী নারীর বিরুদ্ধে লড়তে। কিন্তু নাভিয়ে কেবল নিজের স্বামীকে ধরে রাখার জন্য লড়াই করেন না। তিনি নিজের মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে নিজেই সিদ্ধান্ত নেন। স্বামীর পরকীয়া ও বিচ্ছেদের প্রস্তাবকে জীবনের শেষ হিসেবে না দেখে নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করেন।

.

ডিজনি প্লাসের পরিসংখ্যান অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তির পর প্রথম ৪৮ ঘণ্টায় সিরিজটির প্রচারমূলক ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ১ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছিল। মুক্তির তিন দিনের মধ্যেই এটি ডিজনি প্লাস ও হুলুর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হয়ে যায়। ৫০টির বেশি দেশের বাজারে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষে ওঠে।

তারকাদের উপস্থিতিতে রাজকীয় আয়োজন
সিরিজটির আরেকটি বড় আকর্ষণ এর অভিনয়শিল্পীরা। নাভিয়ে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণ কোরীয় অভিনেত্রী শিন মিন-আ। ‘হোমটাউন চা-চা-চা’ ও ‘মাই গার্লফ্রেন্ড ইজ আ গুমিহো’ দিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত তিনি। সম্রাট সোভিয়েশুর চরিত্রে রয়েছেন জু জি-হুন। ‘কিংডম’, ‘দ্য ট্রমা কোড’ ও ‘লাইট শপ’-এর অভিনেতা তিনি।

পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরি চরিত্রে অভিনয় করেছেন লি জং-সুক। আর রাজপ্রাসাদের ক্ষমতার সমীকরণ বদলে দেওয়া রাস্তার চরিত্রে আছেন লি সে-ইয়ং। চার অভিনয়শিল্পীর চরিত্রের পারস্পরিক টানাপোড়েনই গল্পের মূল চালিকা শক্তি।
শিন মিন-আকে নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ তাঁর সংযত অভিনয়। সম্রাজ্ঞী হিসেবে নাভিয়ের আচরণে আছে আভিজাত্য ও আত্মবিশ্বাস। কিন্তু সেই দৃঢ়তার আড়ালে একজন নারীর কষ্ট, নতুন করে ভালোবাসার আকাঙ্ক্ষা ও সিদ্ধান্ত নেওয়ার দ্বিধাও রয়েছে। চরিত্রটির এই দুই দিক ফুটিয়ে তোলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন অভিনেত্রী নিজেও।

৩ নভেম্বরের সংবাদ সম্মেলনে শিন মিন-আ বলেন, সম্রাজ্ঞী হিসেবে নাভিয়ের আবেগের পরিবর্তন খুব সূক্ষ্মভাবে প্রকাশ করতে হয়েছে। একই সঙ্গে নতুন প্রেম ও নতুন সিদ্ধান্ত নেওয়া একজন নারীর মানবিক দিকটিও তুলে ধরতে চেয়েছেন তিনি।
অন্যদিকে লি জং-সুকের হেইনরি চরিত্রটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। রাজপুত্রের চরিত্রে তাঁর দুষ্টুমি, রসবোধ, রোমান্টিক উপস্থিতি ও নাভিয়ের প্রতি ভালোবাসা গল্পে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে নাভিয়ে ও হেইনরির নাচের দৃশ্যটি আন্তর্জাতিক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কোরিয়া ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিদেশি দর্শকেরা তাঁকে রোমান্টিক ফ্যান্টাসি গল্পের আদর্শ রাজপুত্র হিসেবেও বর্ণনা করছেন।

জু জি-হুনের চরিত্রটি অবশ্য দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অহংকারী ও বিশ্বাসঘাতক সম্রাটের চরিত্রে তাঁর অভিনয় গল্পের সংঘাতকে এগিয়ে নেয়। অন্যদিকে রাস্তা চরিত্রে লি সে-ইয়ংয়ের অভিনয়ও আলোচনায় এসেছে। চরিত্রটি একই সঙ্গে আকর্ষণীয়, উচ্চাকাঙ্ক্ষী ও কৌশলী—এই বৈপরীত্য ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন তিনি।

.

নির্মাণের চ্যালেঞ্জ
সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন। এর আগে ‘পিনোকিও’, ‘আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস’ ও ‘ডক্টর জন’-এর মতো জনপ্রিয় কোরীয় সিরিজ পরিচালনা করেছেন তিনি। চিত্রনাট্য লিখেছেন ইয়ো জিনা ও হিউন চুং-ইয়ল।

এই সিরিজ নির্মাণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওয়েব উপন্যাস ও ওয়েবটুনের ভিন্ন ভিন্ন আবহকে এক জায়গায় নিয়ে আসা। পরিচালকের ভাষ্য, মূল উপন্যাসের গল্প তুলনামূলক গম্ভীর, অন্যদিকে ওয়েবটুনে চরিত্রগুলো বেশি উজ্জ্বল ও চঞ্চল। দুই মাধ্যমের মধ্যে ভারসাম্য রেখে মূল গল্পের প্রতি যতটা সম্ভব বিশ্বস্ত থাকার চেষ্টা করেছেন তিনি।

আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল ইউরোপীয় মধ্যযুগীয় রাজপরিবারের আবহ তৈরি করা। কারণ, গল্পে চরিত্রদের নাম, পোশাক, প্রাসাদ ও সামাজিক রীতিনীতি সবই পশ্চিমা রাজতন্ত্রের আদলে। কিন্তু অভিনয়শিল্পীরা সবাই কোরীয়। ফলে দর্শকের কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য করে তোলা সহজ ছিল না।

এ জন্য শুধু স্টুডিওর সেটের ওপর নির্ভর করেনি প্রযোজনা দল। জার্মানির শ্লাইসহাইম প্রাসাদে পূর্ব সাম্রাজ্যের রাজপ্রাসাদের দৃশ্য ধারণ করা হয়েছে। চেক প্রজাতন্ত্রের ক্রোমেরিজ গার্ডেন ব্যবহার করা হয়েছে নাভিয়ে ও হেইনরির সম্পর্কের গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের জন্য। পোশাক, সাজসজ্জা ও সেট নির্মাণেও গুরুত্ব দেওয়া হয়েছে।

.

‘ব্রিজারটন’-এর সঙ্গে তুলনা, সমালোচকদের কী মত?
সিরিজটির মুক্তির পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও দর্শকদের মধ্যে একটি তুলনা বেশ আলোচিত হয়েছে ‘ব্রিজারটন’। নেটফ্লিক্সের জনপ্রিয় এই সিরিজের মতো এখানেও আছে অভিজাত সমাজ, রাজকীয় পোশাক, প্রেম, গোপন সম্পর্ক, সামাজিক মর্যাদা ও ক্ষমতার লড়াই। তবে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর নিজস্ব ফ্যান্টাসি জগৎ একে আলাদা করেছে।

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অন স্ক্রিন’ বিভাগে সিরিজটির প্রথম তিনটি পর্ব দেখানো হয়েছিল। প্রদর্শনীর টিকিট নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সেখানে প্রদর্শনীর পর সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও আসে।

সমালোচক জং দক-হিউন মনে করেন, কোরীয় নাটকের পরিচিত বাস্তবধর্মী গল্পের বাইরে গিয়ে ইউরোপীয় রাজপ্রাসাদের আবহ, অভিজাতদের রাজনীতি ও ফ্যান্টাসির মিশ্রণ সিরিজটিকে নতুনত্ব দিয়েছে। তাঁর মতে, জমকালো সেট, পোশাক এবং সংযত পরিচালনা কল্পনার জগৎটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করেছে।

.

যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম স্ক্রিনর‍্যান্ট প্রথম তিনটি পর্বকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছে। তাদের মূল্যায়নে, সিরিজটি ২০২৬ সালের অন্যতম আলোচিত কোরীয় নাটক হয়ে ওঠার সম্ভাবনা রাখে। অন্যদিকে কলাইডার দিয়েছে ১০-এর মধ্যে ৭। শিন মিন-আয়ের অভিনয়কে সিরিজটির অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করলেও শুরুর দিকের ধীরগতি এবং সম্রাট সোভিয়েশুর আচরণের আকস্মিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

বুসান চলচ্চিত্র উৎসবে সিরিজটি দেখে জ্যাপজি ওয়েবসাইটের সমালোচকও দিয়েছেন ১০-এর মধ্যে ৮। তাঁর মতে, রাজকীয় পোশাক, দৃশ্যসজ্জা, অভিনয় ও আবেগঘন সম্পর্কের গল্পের সমন্বয় প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।

.প্রেম, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ, ৫০ দেশে শীর্ষে রাজা–রানির গল্প.

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। কারও কারও মতে, কিছু পোশাক ও সাজসজ্জা কল্পনার রাজপ্রাসাদের সঙ্গে পুরোপুরি মানানসই হয়নি। কিছু দৃশ্যে আলোকসজ্জা ও ভিএফএক্স নিয়েও আপত্তি উঠেছে। বিশেষ করে সোভিয়েশু চরিত্রের সঙ্গে নাভিয়ের রোমান্টিক সম্পর্কের উপস্থাপন নিয়ে দর্শকের একাংশ সন্তুষ্ট নন।

দর্শকের প্রতিক্রিয়া: নাভিয়ে-হেইনরি জুটিতে মুগ্ধতা
আন্তর্জাতিক দর্শকদের আলোচনায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছে নাভিয়ে ও হেইনরির সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ও রেডিটে অনেকে সিরিজটিকে ‘কোরীয় ব্রিজারটন’ বলে উল্লেখ করছেন। কেউ কেউ শিন মিন-আ ও লি জং-সুককে তাঁদের চরিত্রের জন্য একেবারে যথাযথ বলছেন।
বিশেষ করে নাভিয়েকে প্রতারিত হওয়ার পরও আত্মমর্যাদা ধরে রাখতে দেখা দর্শকদের ভালো লেগেছে। রেডিটের আলোচনায় একজন দর্শক লিখেছেন, গল্পটির বিশেষত্ব হলো, নাভিয়ে প্রতারণার শিকার হয়ে নিজেকে অসহায় হিসেবে তুলে ধরেন না। বরং নিজের মর্যাদা ও সিদ্ধান্তে অটল থাকেন।

.

কবে আসবে শেষ পর্ব?
সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি পেয়েছিল ৩ নভেম্বর। এরপর ১১ নভেম্বর এসেছে আরও দুটি পর্ব। বাকি চারটি পর্বও দুই সপ্তাহে দুই পর্ব করে মুক্তি পাবে। ২৫ নভেম্বর প্রচারিত হবে শেষ দুটি পর্ব। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলুতে এবং আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে সিরিজটি।

‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর সাফল্য কোরীয় বিনোদনশিল্পের জন্যও তাৎপর্যপূর্ণ। এত দিন কোরীয় সিরিজের আন্তর্জাতিক জনপ্রিয়তার বড় অংশজুড়ে ছিল রোমান্স, থ্রিলার, অপরাধ, পারিবারিক গল্প কিংবা সামাজিক বাস্তবতা। এবার ইউরোপীয় রাজতন্ত্রের আবহে তৈরি রোমান্টিক ফ্যান্টাসিও বিশ্বজুড়ে দর্শক টানছে।

কোরিয়া টাইমস, আইএমডিবি ও ভ্যারাইটি অবলম্বনে

১

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা

২

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

৩

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে

৪

‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

৫

ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ

৬

পুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যা

৭

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

৮

বক্তব্য ঠিক হলেও কোন রাশির জাতকের কঠোর ভাষায় বাড়তে পারে জটিলতা

৯

জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে

১০

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ জানালেন পরিবহনমন্ত্রী

১১

রামকৃষ্ণ সেবাশ্রম, শিক্ষা ও মানবসেবার এক অনন্য ঠিকানা

১২

মৃত্যুর পরও গ্রামছাড়া, খ্রিষ্টানদের সমাহিত করতে বাধা ভারতে

১৩

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা

১৪

প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি

১৫

‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }