সরদার মো. সাখাওয়াত হোসেন
এমপি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
অধ্যাপক ডা. নাজমুল হোসেন
মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী
উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ডা. সেহেরীন এফ সিদ্দিকা
চেয়ারম্যান, গাইনি ও অবস বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ
অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন নোমান
অধ্যাপক, কিডনি রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ডা. ফারিয়া আফসানা
বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম ও সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডা. শাহজাদা সেলিম
সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্ট ইলেক্ট, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডা. এম সাইফুদ্দিন
অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডা. মির্জা শরীফুজ্জামান
সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডা. আফসার আহাম্মদ
সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
মো. একরামুল হক
ন্যাশনাল সেলস ম্যানেজার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি
ফিরোজ চৌধুরী
সহকারী সম্পাদক, প্রথম আলো।
.সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশে ডায়াবেটিস এখন আর শুধু নীরব ঘাতক নয়, বেশির ভাগ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত। এ ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে এখনো। একসময় আমরা ভাবতাম, ডায়াবেটিস বংশানুক্রমিক। অথচ বাবা-মা, দাদা-দাদির কারও ডায়াবেটিস না থাকলেও মানুষের ডায়াবেটিস ধরা পড়ছে। অনেক পরিশ্রমী মানুষদেরও ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিসের ভয়াবহতা অনেক। এই রোগ থেকে কিডনি নষ্ট হতে পারে। ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে কোনো ব্যথা ছাড়াই স্ট্রোক হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসার পর এসব বিষয় আরও কাছ থেকে জানছি।
তবে আশার জায়গা হলো, ব্যক্তিগত আচরণ ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। রোগটি জটিল পর্যায়ে যাওয়ার আগেই যদি রোগী সচেতন হন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেন, তাহলে অনেক ঝুঁকি কমানো সম্ভব। সে জন্য আমাদের কার্যক্রম আরও বেগবান করা দরকার। যাঁদের মধ্যে ডায়াবেটিস বা এর ঝুঁকি পরিলক্ষিত হয়, তাঁদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা সেই লক্ষ্যে কাজ করতে চাই।
ডায়াবেটিসের গুরুত্ব অনেক আগেই ইব্রাহিম সাহেব তুলে ধরেছিলেন। তিনি ইব্রাহিম সেন্টার করে গেছেন। এখন আপনারা একটি ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট করার কথা বলছেন। আমি আজই প্রথম বিষয়টি শুনলাম। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আপনারা কাজ শুরু করুন। প্রয়োজনীয় অনুমোদন ও আর্থিক সহযোগিতার বিষয়েও আমি যতটুকু পারি করব।
তবে শুধু মেশিন কিনলেই হবে না, এর সঙ্গে দক্ষ জনবলও দিতে হবে। একবারে অনেক টাকা খরচ করে শুধু যন্ত্রপাতি কেনা কোনো সমাধান নয়। চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় লোকবল ও কার্যকর ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে।
চারদিক থেকে নানা রোগ আমাদের আক্রমণ করছে। ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের আরও সোচ্চার হতে হবে। আমি গ্রামে-গঞ্জে ঘুরি, মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখি। প্রতি ১০ জনে পাঁচজনকে গুরুতর রোগে আক্রান্ত অবস্থায় পাই। তাঁদের বেশির ভাগই দরিদ্র, চিকিৎসা করাতে পারেন না। মানুষের এই কষ্ট দেখা অসহ্য। তাই ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, দ্রুত শনাক্তকরণ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। যত দিন আমি এখানে আছি, আপনাদের সঙ্গে থেকে কাজ দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করব।
.অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
ডায়াবেটিস এখন যুগের ব্যাধি। বাংলাদেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ এ রোগে আক্রান্ত, যা মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৭ শতাংশ। ডায়াবেটিস একবার হলে সাধারণভাবে তা সারা জীবন থাকে। তাই এত বড়সংখ্যক রোগীর ব্যবস্থাপনার জন্য আমাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে আগাম পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
জেলা ও উপজেলা পর্যায়ে ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পদ সৃষ্টির বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বর্তমানে একটি স্ট্যান্ডার্ড সেটআপ মন্ত্রণালয়ে চূড়ান্ত পর্যায়ে বিবেচনাধীন। এটি সংশোধিত আকারে বাস্তবায়িত হলে যেখানে যতজন ডায়াবেটিক বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট প্রয়োজন, সেই অনুযায়ী পদ সৃষ্টি করা হবে।
ডায়াবেটিসের সঙ্গে মেটাবলিক ও এন্ডোক্রাইন রোগও মোকাবিলা করতে হচ্ছে। অথচ সরকারি পর্যায়ে এসব রোগের জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। হৃদ্রোগ, বক্ষব্যাধিসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের জন্য সরকারি পর্যায়ে ২০টির বেশি বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। ডায়াবেটিসের ক্ষেত্রে এমন প্রতিষ্ঠান নেই। বেসরকারি পর্যায়ে বারডেম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। তবে জাতীয় পর্যায়ের চাহিদা পূরণে শুধু বারডেম যথেষ্ট নয়; সরকারি পর্যায়েও একটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়োজন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা ডায়াবেটিস, মেটাবলিক ও এন্ডোক্রাইন রোগের জন্য একটি জাতীয় বিশেষায়িত প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এমন প্রতিষ্ঠান হলে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়বে। এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল বার্তাও হলো—দ্রুত পদক্ষেপ নেওয়া। ব্যক্তি পর্যায়ে যেমন আগাম পদক্ষেপ নিলে ডায়াবেটিস প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব, রাষ্ট্রীয় পর্যায়েও তা জরুরি। স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক শূন্য ২ শতাংশ বরাদ্দও এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আগাম পদক্ষেপ। আমরা বিভিন্ন মেডিক্যাল কলেজ ও পোস্টগ্র্যাজুয়েট প্রতিষ্ঠানের সমস্যা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি।
.অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
টাইপ–২ ডায়াবেটিস একক কোনো রোগ নয়। রোগনির্ণয়ের সময় অনেকেরই স্থূলতা, বিশেষ করে পেটের মেদ, ডিসলিপিডেমিয়া, উচ্চ রক্তচাপ, কিডনি ও হৃদ্রোগের মতো কার্ডিও-মেটাবলিক-রেনাল সমস্যা থাকে। নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম ও থাইরয়েডের রোগও থাকতে পারে। তাই ডায়াবেটিসের চিকিৎসায় সমন্বিত ব্যবস্থাপনা জরুরি। একজন রোগীর পক্ষে আলাদা বিশেষজ্ঞের কাছে যাওয়া সব সময় সম্ভব নয়।
ডায়াবেটিসের চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকদেরই একই ছাতার নিচে এসব সহ-রোগ শনাক্ত করে জীবনযাত্রার পরিবর্তন, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
আমাদের দেশে এন্ডোক্রাইনোলজিস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তাই শুধু বিশেষজ্ঞনির্ভর চিকিৎসা দিয়ে এই বিশাল জনগোষ্ঠীকে সেবা দেওয়া সম্ভব নয়। এখানে আমাদের বড় সুবিধা হলো, বারডেমের দেশব্যাপী নেটওয়ার্ক ও প্রশিক্ষিত চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা দিচ্ছেন। সরকারি নীতিনির্ধারণের মধ্যে এ ধরনের নেটওয়ার্ককে সম্পৃক্ত করলে প্রশিক্ষিত চিকিৎসকদের মাধ্যমে কার্ডিও-মেটাবলিক-রেনাল মডিউলভিত্তিক সমন্বিত সেবা দেওয়া সম্ভব।
আমাদের জাতীয় পর্যায়ে তথ্যও তৈরি করতে হবে—কোন সহ-রোগ কতটা আছে ও দেশের আর্থসামাজিক বাস্তবতায় কীভাবে তার চিকিৎসা দেওয়া যায়। সব অংশীজনকে নিয়ে একটি উপযোগী মডিউল তৈরি করে তা সরকারি হাসপাতাল, উপজেলা পর্যায় ও জাতীয় নেটওয়ার্কে প্রয়োগ করা দরকার।
ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগাম পদক্ষেপ। শিক্ষার্থী এবং অভিভাবকদের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করতে হবে। কোন খাবারে স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, তা জানাতে হবে। একই সঙ্গে প্রি-ডায়াবেটিস দ্রুত শনাক্ত করা জরুরি। নিয়মিত হাঁটা, কার্বোহাইড্রেট কমানো ও শারীরিক সক্রিয়তা বাড়ালে প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ বা বিলম্বিত করা যায়।
.ডা. সেহেরীন এফ সিদ্দিকা, অধ্যাপক ও চেয়ারম্যান, গাইনি ও অবস বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ
গর্ভাবস্থায় ডায়াবেটিস দিন দিন বাড়ছে। একটি সুস্থ মা ও সুস্থ শিশুর পথে এটি বড় অন্তরায়। গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মায়ের প্রি-একলাম্পসিয়া, একলাম্পসিয়া, প্রসবজনিত জটিলতা ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে। শিশুর ক্ষেত্রে গর্ভপাত, জন্মগত ত্রুটি, অতিরিক্ত ওজন, ভ্রূণের মৃত্যু ও জন্মের পর নবজাতকের মৃত্যুর ঝুঁকি থাকে। তাই আমাদের প্রথম কাজ হতে হবে ঝুঁকিপূর্ণ মাকে দ্রুত শনাক্ত করা ও গর্ভধারণের আগেই রক্তের শর্করা নিয়ন্ত্রণে আছে কি না, তা নিশ্চিত করা।
এই সেবা শুধু বিশেষায়িত হাসপাতালে সীমাবদ্ধ রাখলে হবে না। কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ—সব পর্যায়েই এটি থাকতে হবে। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের রক্তের শর্করা মাপা ও ঝুঁকিপূর্ণ মা শনাক্ত করার প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজন হলে তাঁরা দ্রুত উপজেলা পর্যায়ে রেফার করবেন। সেখানে নিয়মিত শর্করা পরীক্ষা, ওজিটি ও প্রয়োজন হলে ইনসুলিন দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জটিল রোগীকে উচ্চতর কেন্দ্রে পাঠাতে হবে।
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় শুরুতেই ওজিটি করে ডায়াবেটিস শনাক্ত করতে হবে। শুরুতে শনাক্ত না হলে ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে আবার পরীক্ষা করতে হবে। শনাক্ত হওয়ার পর খাদ্যাভ্যাস, হাঁটাচলা ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। ইনসুলিন প্রয়োজন হলে এর নিরবচ্ছিন্ন সরবরাহ, সংরক্ষণ, ডোজ ও ব্যবহারের বিষয়ে রোগীকে শেখাতে হবে।
পুরো ব্যবস্থাটি চার ভাগে ভাবা যায়—গর্ভধারণের আগে ঝুঁকি শনাক্তকরণ, ডায়াবেটিস দ্রুত শনাক্তকরণ, কার্যকর ব্যবস্থাপনা এবং মা ও শিশুর নিরাপদ সেবা। জটিল ডায়াবেটিসের ক্ষেত্রে এমন হাসপাতালে প্রসব করাতে হবে, যেখানে প্রয়োজনীয় সেবা ও নবজাতকের পরিচর্যার সুবিধা আছে। প্রসবের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যেও ওজিটির মাধ্যমে মায়ের ডায়াবেটিস আছে কি না, তা দেখতে হবে।
.ডা. মেসবাহ উদ্দিন নোমান, অধ্যাপক, কিডনি রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি। কিডনি চিকিৎসার পরিধি আমরা আগের চেয়ে অনেক বাড়িয়েছি। প্রতিটি জেলা সদরে ১০ শয্যার ও প্রতিটি মেডিকেল কলেজে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিটও পেতে যাচ্ছি। কিন্তু কিডনি রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, তার তুলনায় এই সেবাও অপ্রতুল। এই ক্রমবর্ধমান কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস।
আমাদের প্রায় শতভাগ কিডনি রোগী ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত। ফলে তাঁদের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। একইভাবে বড় একটি অংশ ডায়াবেটিক ফুটে আক্রান্ত; যথাযথ চিকিৎসা না হলে পা কেটে ফেলতে হতে পারে। তাই ডায়াবেটিস, কিডনি, চোখ বা পায়ের সমস্যা আলাদাভাবে চিকিৎসা করে এই ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব নয়।
আমাদের প্রয়োজন একটি সমন্বিত স্ক্রিনিং ব্যবস্থা। যেখানে ডায়াবেটিস শনাক্ত হবে, সেখানেই কিডনি রোগ, রেটিনোপ্যাথি ও ডায়াবেটিক ফুটের প্রাথমিক শনাক্তকরণ করতে হবে। এর জন্য কারিগরি সক্ষমতা, ব্যবস্থাপনা ও জনবল—তিনটি বিষয় নিশ্চিত করা প্রয়োজন।
কিডনি রোগ শনাক্তে ইউরিনারি অ্যালবুমিন-ক্রিয়েটিনিন রেশিও ও ক্রিয়েটিনিন পরীক্ষা, রেটিনোপ্যাথির জন্য রেটিনাল ক্যামেরা ও এআই, ডায়াবেটিক ফুট শনাক্তে স্মার্টফোন ক্যামেরা ও এআই ব্যবহার করা যায়। এসব ব্যবস্থা প্রতিটি জেলা সদর ও মেডিক্যাল কলেজের বহির্বিভাগে এখনই চালু করা সম্ভব। চিকিৎসক ছাড়াও নার্স ও টেকনিশিয়ানরা এ ধরনের স্ক্রিনিং পরিচালনা করতে পারেন; একজন চিকিৎসক ফোকাল পারসন থাকলেই হবে।
প্রতিটি নতুন ও পুরোনো ডায়াবেটিক রোগী, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীকে দ্রুত এই স্ক্রিনিংয়ের আওতায় এনে বছরে নিয়মিত মূল্যায়ন করতে হবে। প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে পারলে কিডনি, চোখ ও পায়ের জটিলতার বোঝা কমানো সম্ভব।
.ডা. ফারিয়া আফসানা, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম ও
সভাপতি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডায়াবেটিসের চিকিৎসায় বাংলাদেশে বিশ্বমানের সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। যদিও আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্টের সংখ্যা খুব কম, তবু একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ ব্যবস্থায় নিউট্রিশনিস্ট, ডায়াবেটিস এডুকেটর, গাইনোকোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করতে হবে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ ধরনের সম্মিলিত চিকিৎসাব্যবস্থা তৈরিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও আমরা বলেছি।
বর্তমানে ডায়াবেটিসের চিকিৎসায় আধুনিক অনেক ওষুধ বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ইনসুলিন থেকে শুরু করে বিভিন্ন নতুন প্রজন্মের ইনসুলিন এবং স্থূলতার সঙ্গে সম্পর্কিত ডায়াবেটিস ব্যবস্থাপনায় ব্যবহৃত জিএলপি ও জিআইপি—আধুনিক ও হালনাগাদ চিকিৎসার এসব ওষুধ এখন বাংলাদেশে সহজলভ্য। ফলে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন হরমোনের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের অনেকগুলোই আমাদের দেশে রয়েছে।
তবে কিছু প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার উপকরণ এখনো নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না। এন্ডোক্রাইন রোগ শনাক্তকরণের কিছু পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাইনাকথিন ইনজেকশন অনেক সময় পাওয়া যায় না। এ ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, যাতে প্রয়োজনের সময় ওষুধটি সহজে পাওয়া যায়। একইভাবে শিশুদের শর্ট স্টেচার শনাক্ত ও চিকিৎসায় প্রয়োজনীয় গ্রোথ হরমোনের প্রাপ্যতাও কম। ফলে চিকিৎসা করতে পারলেও অনেক সময় পিছিয়ে যেতে হচ্ছে এবং বিদেশ থেকে ওষুধ আনতে হচ্ছে।
ডায়াবেটিস ও অন্যান্য এন্ডোক্রাইন রোগের চিকিৎসায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় জনবল, সমন্বিত চিকিৎসাব্যবস্থা ও ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। আধুনিক চিকিৎসা বাংলাদেশে থাকলেও প্রয়োজনীয় কিছু ওষুধ সহজে পাওয়া না গেলে সেই চিকিৎসার সুফল পুরোপুরি নিশ্চিত করা কঠিন হবে। তাই প্রয়োজনীয় ওষুধ ও উপকরণ সহজলভ্য করতে হবে।
.ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্ট ইলেক্ট, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা ও মানসিক চাপ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগের প্রধান অনুঘটক। এসব অসংক্রামক রোগ এখন মহামারি আকার ধারণ করেছে। শুধু চিকিৎসা দিয়ে এই ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা সম্ভব নয়; প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে বয়সোযোগী স্বাস্থ্যশিক্ষা, পরিবার ও গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোগ প্রতিরোধের ভিত্তি তৈরি করতে হবে শৈশব ও কৈশোর থেকেই। বয়সের সঙ্গে মানুষের শারীরিক ও মানসিক চাহিদা বদলায়, তাই প্রতিটি স্তরে উপযোগী স্বাস্থ্যশিক্ষা প্রয়োজন। স্কুল ও কলেজে সুষম খাদ্য, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ফাস্টফুড ও কোমল পানীয়ের ক্ষতিকর দিক শেখাতে হবে। তারুণ্যে সময়মতো ঘুম, ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ও তামাক বর্জনে গুরুত্ব দিতে হবে। বার্ধক্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুগার মনিটরিং ও হালকা ব্যায়ামের সঠিক নিয়ম শেখানো প্রয়োজন।
মানুষের জীবনযাপনের অভ্যাস মূলত পরিবার থেকেই গড়ে ওঠে। তাই পরিবারে শাকসবজি, ফলমূল ও কম তেল-মসলার খাবারের অভ্যাস তৈরি করতে হবে। অস্বাস্থ্যকর স্ন্যাকস বা প্রক্রিয়াজাত খাবারের বদলে পুষ্টিকর খাবার রাখতে হবে। পরিবারের সদস্যরা একসঙ্গে হাঁটা, সাইকেল চালানো বা খেলাধুলার মাধ্যমে সক্রিয় জীবনধারা গড়ে তুলতে পারেন। খোলামেলা আলোচনার পরিবেশ মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও সাহায্য করে।
এ ক্ষেত্রে গণমাধ্যম খুব অল্প সময়ে কোটি মানুষের কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে পারে। প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎকারের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ডায়াবেটিস ও অসংক্রামক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা সম্ভব।
আমাদের লক্ষ্য হোক রোগ হওয়ার পর শুধু চিকিৎসা নয়, তার আগেই ঝুঁকি চিহ্নিত করে জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনা। শৈশব থেকেই এই অভ্যাস গড়লে ভবিষ্যতে ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগের ঝুঁকি কমবে।
.ডা. এম সাইফুদ্দিন, অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ডায়াবেটিস প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য আমরা কয়েকটি বিষয়ে কাজ করছি। প্রথমত, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি জাতীয় ডায়াবেটিস চিকিৎসা নির্দেশিকার হালনাগাদ করতে পারি। চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে হবে। আমরা দেশের বিভিন্ন জায়গায় সিএমই, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছি, যা নিয়মিত চালিয়ে যেতে পারি। একই সঙ্গে ডিজিটাল শিক্ষার মাধ্যমে রোগীদের সচেতন করা এবং অনলাইন সিএমই প্রশিক্ষণের সুযোগ বাড়ানো সম্ভব। স্বাস্থ্যকর্মীদের দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে পারি, যাতে তাঁরা ডায়াবেটিসের সর্বাধুনিক চিকিৎসায় নিজেদের দক্ষ করে তুলতে পারেন।
তবে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো ডায়াবেটিসের আগাম শনাক্তকরণ। অনেকের ধারণা থাকে, তাঁর হয়তো ডায়াবেটিস নেই। তাই দ্রুত শনাক্তকরণের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে প্রতিরোধে আরও গুরুত্ব দিতে হবে। কারণ, আমাদের মতো মধ্যম আয়ের দেশে ডায়াবেটিসের চিকিৎসা, ডায়ালাইসিস বা চোখের জটিলতার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। রোগ হওয়ার আগেই প্রতিরোধ করতে পারলে এই চাপ অনেকটাই কমানো সম্ভব। প্রান্তিক পর্যায়ের রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেওয়ার সুযোগও রয়েছে। ঢাকা মেডিকেল থেকে আমরা ইতিমধ্যে এ সেবা দিচ্ছি। গবেষণার ক্ষেত্রেও আমাদের আরও কাজ করতে হবে, যাতে ডায়াবেটিস রোগীরা কোন ধরনের ওষুধে বেশি সংবেদনশীল, তা শনাক্ত করা যায়।
চিকিৎসায় মানসম্মত পরীক্ষা ও ওষুধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইচবিএ১সি পরীক্ষার মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নত মানের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। চিকিৎসক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও ওষুধশিল্প—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
.ডা. মির্জা শরীফুজ্জামান, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
এন্ডোক্রাইন রোগ বলতে শুধু ডায়াবেটিস নয়; থাইরয়েড, গ্রোথ ও বয়ঃসন্ধিজনিত সমস্যা, পিটুইটারি, হাড় ও ক্যালসিয়াম, অ্যাড্রেনাল, স্থূলতা, ফ্যাটি লিভার এবং এর ধারাবাহিকতায় হৃদ্রোগ ও কিডনি রোগও রয়েছে। তাই কোনো একটি রোগকে আলাদাভাবে লক্ষ্য করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। প্রতিটি রোগকে একসঙ্গে বিবেচনায় নিয়ে সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
দেশে ডায়াবেটিসে আক্রান্ত কর্মক্ষম জনগোষ্ঠীর হার ১৩ দশমিক ২ শতাংশ; গত বছরের আইডিএফের তথ্য অনুযায়ী রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৪৪ লাখ, যা ২০৪৫ সালে আড়াই কোটি ছাড়িয়ে যেতে পারে। থাইরয়েডের রোগীও প্রায় ৩ থেকে ৫ কোটি। এ বিশাল রোগীর চাপ মোকাবিলায় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রয়োজন, যার জন্য জাতীয় প্রতিষ্ঠানের বিকল্প নেই।
অনেক হরমোনজনিত রোগ শনাক্ত করতে জটিল ও বারবার পরীক্ষা এবং হাইটেক ইনভেস্টিগেশন প্রয়োজন। এসব সুবিধা সর্বত্র নেই। ফলে রোগীরা বিদেশমুখী হচ্ছেন। জাতীয় প্রতিষ্ঠান গড়ে এসব সেবা নিশ্চিত করতে পারলে বিদেশমুখিতা এবং সরকারের ব্যয় দুটোই কমবে।
গবেষণা ও জাতীয় তথ্যের ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি। কেন্দ্রীয়ভাবে গবেষণা, মনিটরিং ও রোগের রেজিস্ট্রি চালু করতে পারলে রোগীর সংখ্যা, চিকিৎসার ফলাফল এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। একই সঙ্গে ডায়াবেটিক নার্স, এন্ডোক্রাইন নার্স ও এডুকেটরের মতো প্রয়োজনীয় জনবল তৈরি করা জরুরি।
ঢাকা মেডিকেল, বিএসএমএমইউ ও অন্যান্য মেডিক্যাল কলেজে সেবা দেওয়া হলেও কেন্দ্রীয় সমন্বয়, নির্দেশনা ও রেফারেল ব্যবস্থার প্রয়োজন রয়েছে। একটি জাতীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় রেফারেল হাসপাতাল হিসেবেও কাজ করতে পারে এবং আন্তর্জাতিক সহযোগিতা, ফ্যাকাল্টি ও এক্সপার্টাইজ বিনিময় বাড়াতে পারে।
.ডা. আফসার আহাম্মদ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
চিকিৎসা থাকা সত্ত্বেও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার দায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থা—তিন ক্ষেত্রেই রয়েছে। রোগীদের বড় একটি অংশ অস্বাস্থ্যকর ও শর্করাভিত্তিক খাবার গ্রহণ করেন, পরিশ্রমের অভাবে স্থূলতা বাড়ছে এবং ওষুধ নিয়মিত সেবনেও ঘাটতি থাকে। ইনসুলিন নিয়ে ভয় ও ভুল ধারণা, চিকিৎসা ব্যয় বৃদ্ধি ও চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে হারবাল বা অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণও নিয়ন্ত্রণে বাধা।
চিকিৎসক হিসেবে আমাদেরও আত্মসমালোচনা প্রয়োজন। ডায়াবেটিস ব্যবস্থাপনা শুধু ওষুধের মধ্যে সীমিত নয়; খাদ্য, জীবনযাপন ও নিয়ম মেনে চলার বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কায় রোগীর এইচবিএওয়ানসি বেশি থাকা সত্ত্বেও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা বাড়ানো হয় না। রোগীকে সময় দিয়ে জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে চিকিৎসার সমন্বয় করতে হবে।
স্বাস্থ্যব্যবস্থায় নগরকেন্দ্রিকতার পাশাপাশি গ্রামে ইনসুলিন সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ও প্রয়োজনীয় পরীক্ষার ঘাটতি রয়েছে। তাই আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ হিসেবে পরিপূর্ণ ডায়াবেটিস কেয়ার, কার্যকর রেফারাল ব্যবস্থা এবং একটি ডায়াবেটিক রেজিস্ট্রি জরুরি। রোগীর সংখ্যা ও চিকিৎসার অবস্থা জেলা ও বিভাগভিত্তিক জানা থাকলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হবে।
পাশাপাশি ডায়াবেটিসের জন্য জাতীয় ইনস্টিটিউট প্রয়োজন। কারণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে হৃদ্রোগ, কিডনি, মস্তিষ্ক, চোখ ও পায়ের জটিলতাও প্রতিরোধ করা সম্ভব।
আমাদের লক্ষ্য শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণ নয়; রোগীর প্রয়োজন চিহ্নিত করে চিকিৎসা ও সহায়তা দেওয়া। রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থার সমন্বিত উদ্যোগই ঝুঁকি কমিয়ে স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পারে।
.মো. একরামুল হক, ন্যাশনাল সেলস ম্যানেজার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি
বাংলাদেশে ডায়াবেটিস মহামারি আকারে বাড়ছে। বিশেষ করে টাইপ–২ ডায়াবেটিসের পাশাপাশি টাইপ–১ ডায়াবেটিসও এখন বেশি দেখা যাচ্ছে। তাই চিকিৎসার পাশাপাশি আগাম শনাক্তকরণ, সচেতনতা তৈরি ও দ্রুত পদক্ষেপ নেওয়াকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ বাজারজাত করছি। ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো, ইনসুলিন নিঃসরণ বাড়ানো এবং আধুনিক চিকিৎসার বিভিন্ন ওষুধের পাশাপাশি স্থূলতা ব্যবস্থাপনার ওষুধও আমরা কম দামে দিচ্ছি। কারণ, স্থূলতা বাড়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ছে। টাইপ–১ ডায়াবেটিসে ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে দামের কারণে অনেক রোগী ইনসুলিন নিতে পারতেন না। তাই আমরা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের ইনসুলিন বাজারজাত করছি, যাতে দাম চিকিৎসার বাধা না হয়।
আমরা প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং করছি। র্যান্ডম ও এইচবিএওয়ানসি পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং বিনা মূল্যে ওষুধ দেওয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছি। এতে যাঁদের ডায়াবেটিসের ঝুঁকি বা রোগ রয়েছে, তাঁদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা সম্ভব হচ্ছে।
আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা শুরু করা গেলে ডায়াবেটিসের জটিলতা কমানো সম্ভব। বাংলাদেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করাকে আমরা গুরুত্ব দিচ্ছি। মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও সচেতনতা তৈরিই আমাদের লক্ষ্য।
.ডায়াবেটিসের ঝুঁকি আগেই শনাক্ত করে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
শৈশব থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা ও রোগ প্রতিরোধের শিক্ষা দিতে হবে।
কমিউনিটি ক্লিনিক থেকে জেলা পর্যায় পর্যন্ত নিয়মিত ডায়াবেটিস স্ক্রিনিং ও চিকিৎসাসেবা বাড়াতে হবে।
ডায়াবেটিসের সঙ্গে কিডনি, চোখ, হৃদ্যন্ত্র ও পায়ের জটিলতার সমন্বিত স্ক্রিনিং নিশ্চিত করতে হবে।
প্রয়োজনীয় ওষুধ, ইনসুলিন, পরীক্ষা ও প্রশিক্ষিত জনবলের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।
জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট, রোগী নিবন্ধন ও তথ্যভিত্তিক গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, বিশেষজ্ঞ, গণমাধ্যম ও ওষুধশিল্পের সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।