চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। এতে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের ওই পাশে যান চলাচল বন্ধ ছিল। অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল।
.ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) রক্তিম আহমেদ প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে ফুটপাতে উঠে যায়। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। খুঁটির সঙ্গে বৈদ্যুতিক তারও সড়কে ছড়িয়ে পড়ায় ওই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
.রক্তিম আহমেদ আরও বলেন, সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তার সরানোর কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কখন ওই পাশে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।