প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল, চরকিতে আসছে ‘হ্যাপিলি ম্যারিড’

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল প্রথমবারের মতো জুটি বেঁধে বড় পর্দায় আসছেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।

দীর্ঘ বিরতির পর এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও চরকির কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। অন্যদিকে, এটি কেয়া পায়েলের চরকির সঙ্গে প্রথম কাজ। ‘মিনিস্ট্রি অব লাভ’ (এমওএল) প্রকল্পের আওতায় নির্মিত সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।

নির্মাতা জাহিদ প্রীতম জানান, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমার গল্প। তিনি বলেন, “এটি কাছাকাছি সময়ের দুই ভিন্ন মানসিকতার মানুষের গল্প। ব্যক্তি, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে তাদের ভাবনার প্রতিফলন এই চলচ্চিত্রে উঠে এসেছে। দর্শকদের মধ্যে নতুন এক উপলব্ধি তৈরি করতে পারব বলে আশা করছি।”

এবারের সিনেমায় দর্শক আরিফিন শুভকে দেখবেন একেবারেই ভিন্ন চরিত্রে। সাধারণত অ্যাকশনধর্মী বা শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত শুভ এখানে অভিনয় করেছেন আনিস নামে এক সহজ-সরল ও সৎ যুবকের ভূমিকায়।

নিজের চরিত্র সম্পর্কে আরিফিন শুভ বলেন, “উনিশ২০-এর পর আবার চরকির সঙ্গে কাজ করছি। এটি একটি রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র। এমন চরিত্রে আগে কাজ করিনি। দর্শকরা আমাকে যেভাবে দেখতে অভ্যস্ত, এখানে ঠিক সেভাবে দেখবেন না।”

অন্যদিকে, কেয়া পায়েল অভিনয় করেছেন অনামিকা চরিত্রে। আধুনিক শহুরে জীবন, সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি ফ্যান্টাসি ও ভার্চুয়াল বাস্তবতায় আবর্তিত এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেয়া পায়েল বলেন, “অনেক কারণেই কাজটি আমার কাছে বিশেষ। প্রথমত শুভ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ, দ্বিতীয়ত চরকির সঙ্গে আমার অভিষেক, আর তৃতীয়ত নির্মাতা জাহিদ প্রীতম। আমার চরিত্রে অভিনয়ের অনেকগুলো স্তর রয়েছে। দর্শক আমাকে এবার ভিন্নভাবে দেখতে পাবেন বলে বিশ্বাস করি।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের প্রতিটি গল্পই সম্পর্কের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরে। ‘হ্যাপিলি ম্যারিড’-ও সেই ধারার একটি নতুন সংযোজন।”

সিনেমাটির সহ-প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, “গল্পে দুই মানুষের ভাবনার পার্থক্য, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন আমাকে আকৃষ্ট করেছে। পাশাপাশি শুভ ও কেয়া পায়েলকে দর্শক একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, চরকিতে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কনটেন্ট ছিল ২০২৩ সালের ‘উনিশ২০’। আর ‘ঘুমপরী’র পর এটি নির্মাতা জাহিদ প্রীতমের দ্বিতীয় চলচ্চিত্র। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় এর আগে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘৩৬-২৪-৩৬’ এবং ‘ডিমলাইট’-এর মতো আলোচিত চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

 

শু/আজা

বিষয়:

বিনোদন
এলাকার খবর

সম্পর্কিত