৪৫-এ পা রাখলেন চিরসবুজ নায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

সময় যেন তাঁর জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব ও তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। সামাজিক মাধ্যমে তাঁর নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের মন্তব্য—‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না!’

আজ শনিবার (১১ জুলাই) জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ তিনি ৪৫ বছরে পদার্পণ করলেন।

মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পূর্ণিমা। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় তিনি অভিনয় করেছেন রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’, এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সফল পূর্ণিমা। ছোট পর্দাতেও তিনি নিয়মিত কাজ করেছেন। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’-তে তাঁর অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় সময়ের সঙ্গে বদলেছে চলচ্চিত্রের ধারা, এসেছে নতুন প্রজন্মের শিল্পীরা। তবে পূর্ণিমার জনপ্রিয়তা, আবেদন ও দর্শকপ্রিয়তা এতটুকুও কমেনি। নিজেকে সময়ের সঙ্গে নতুনভাবে উপস্থাপন করে আজও তিনি দর্শকের হৃদয়ে সমানভাবে জায়গা ধরে রেখেছেন। জন্মদিনে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ঢালিউডের এই চিরসবুজ নায়িকা।

 

শু/আজা

বিষয়:

পূর্ণিমা
এলাকার খবর

সম্পর্কিত