মাঠেই প্রেমিকাকে প্রস্তাব দেন ডেরিকসন কুইরোস। গুয়াতেমালার প্রথম বিভাগীয় ফুটবল লিগের একটি ম্যাচ জয়ের পর প্রেমিকাকে মাঠেই রোমান্টিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মিডফিল্ডার ডেরিকসন কুইরোস। তবে নাটকীয়ভাবে মাত্র তিন দিনের মাথায় সেই সম্পর্কের ইতি টানলেন এই মিডফিল্ডার। গুয়াতেমালার শীর্ষ ক্লাব ক্লাব জেলাজুর এই ফুটবলার গত ১৫ তারিখে লিগ ম্যাচে ৪-২ গোলে মারকুইনসকে হারানোর পর মাঠেই প্রেমিকাকে প্রস্তাব দেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় মারিও ক্যামপোসেকো স্টেডিয়ামে। জয়ের উচ্ছ্বাসে মাঠেই হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কিরোস। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। তবে সুখের সেই অধ্যায় স্থায়ী হয়নি বেশিদিন। প্রস্তাব দেয়ার মাত্র তিন দিনের মাথায় ইনস্টাগ্রামে পোস্ট করে সম্পর্কের সমাপ্তির কথা নিশ্চিত করেন কিরোস। নিজের পোস্টে ডেরিকসন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে লেখেন, ‘এখন আমি আমার ক্যারিয়ার, আমার দল এবং ব্যক্তি হিসেবে আরও উন্নতির দিকেই মনোযোগ দিচ্ছি। সবার সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আশা করি এই সময়টাকে সম্মান জানাবেন। ধন্যবাদ।’ অন্যদিকে, ফুটবলারের প্রাক্তন বাগদত্তাও সামাজিক মাধ্যমে একটি রহস্যময় বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, ‘শেষ পর্যন্ত নীরবতাই সব প্রশ্নের সেরা উত্তর।’ হঠাৎ এমন বিচ্ছেদে সমর্থকদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদিও দু’পক্ষই ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিষয়টি নিয়ে আর কিছু প্রকাশ করেননি।