জগন্নাথ হলের পাশে দুটি, টিএসসি এলাকায় একটি; জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।
বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, ‘আমি কোয়ার্টারের দিকে ছিলাম। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শব্দ শুনতে পাই। এরপর ঘটনাস্থলে এসে ছবি ও ভিডিও নিই।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জগন্নাথ হলের পাশের রোডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। তথ্য যাচাই-বাছাই চলছে।’
এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তবে বিস্ফোরণের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।