চট্টগ্রাম নগরের পাথরঘাটায় অটোরিকশাযাত্রীকে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মনির হোসেন (৩৮) নামে সংঘবদ্ধ ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১৬ নম্বর সতীশ বাবুর লেইনে মজিবুর রহমানের ছয়তলা ভবনের সামনে পাকা রাস্তায় এক অটোরিকশাযাত্রীকে গতিরোধ করে তিন ছিনতাইকারী। পরে ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
এরপর কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করেছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, আসামি মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেনকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।
শু