জুলাই যোদ্ধাদের ওপর হামলা না চালানোর আহ্বান জামায়াত আমিরের

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সরকারের প্রতি জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর কোনো ধরনের দমন-পীড়ন না চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেওয়া, তাদের রক্ত ঝরানো বা নির্যাতন করা হলে তা হবে ‘চরম নিমকহারামি’।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের কারণেই বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। তাই তাদের চোখ নষ্ট করা, হাত-পা ভেঙে দেওয়া কিংবা এক ফোঁটা রক্ত ঝরানোর মতো কোনো ঘটনা ঘটানো উচিত নয়। তিনি বলেন, যাদের ত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের মাধ্যমে দেশ বর্তমান অবস্থানে এসেছে, তাদের অবদান ভুলে যাওয়া উচিত হবে না।

তিনি জানান, ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত জুলাই যোদ্ধাকে দেখে এসেছেন। তাদের মধ্যে কেউ কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি বলেন, এসব মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং তাদের ত্যাগ ভুলে যাওয়া বিশ্বাসঘাতকতার শামিল।

ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে যার যে অবদান রয়েছে, তা যেন আড়াল না হয়। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ইতিহাস রচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাসে সব পক্ষের অবদান যথাযথভাবে স্থান পাওয়া উচিত।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি হয়নি। একইভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসও যেন হারিয়ে না যায়, সে জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই আন্দোলনের আগে রাজনৈতিক দলগুলোর দেওয়া অনেক প্রতিশ্রুতি এখন পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, গণভোটে জনগণের যে রায় এসেছে, তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত এবং সরকারকে সেই রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা, গুম, নির্যাতন ও মিথ্যা মামলার বিচার কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের অধিকার রক্ষার প্রশ্নে তার দল কোনো আপস করবে না। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত থাকলেও জনগণের মৌলিক অধিকার বিসর্জন দিয়ে কোনো সমঝোতায় যাবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, কোনো আধিপত্যবাদ বা চাপের কাছে মাথা নত করা হবে না। প্রয়োজনে জেল, আয়নাঘর কিংবা মৃত্যুর মুখোমুখি হলেও জনগণের অধিকারের পক্ষে অবস্থান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

 

শু/আজা

বিষয়:

রাজনৈতিক
এলাকার খবর

সম্পর্কিত