প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—ততদিন তিনি দায়িত্ব পালন করবেন।
নিয়োগের পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। একই সঙ্গে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। পরে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।
শু/আজা