‘শাপলা চত্বরের অনেক শহীদের মরদেহ গুমের অপচেষ্টা হয়েছিল’

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহত অনেকের মরদেহ গুমের অপচেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

রোববার (১৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল সেখানে যায়।

মামুনুল হক বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু যেসব নিহতের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শুরু থেকেই হেফাজতের দাবি, অনেকের মরদেহ কখনোই পাওয়া যায়নি। তাঁর ভাষ্য, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরের শহীদদের মরদেহ গুমের অপচেষ্টা চালানো হয়েছিল। ফলে বহু নিহতের কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শাপলা চত্বরের মহাসমাবেশে শিক্ষার্থী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তৎকালীন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরাও অংশ নিয়েছিলেন। তাই শহীদদের তালিকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নাম রয়েছে।

তদন্তের খসড়া প্রতিবেদন সম্পর্কে মামুনুল হক বলেন, প্রতিবেদনটি এখনো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়নি। প্রাথমিকভাবে কিছু সংশোধনের প্রয়োজনীয়তা দেখা গেছে। সেগুলো পর্যালোচনা করে দু-এক দিনের মধ্যে প্রসিকিউশনের কাছে তুলে ধরা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি এখনও তদন্তাধীন এবং আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। এ অবস্থায় সব বিষয় প্রকাশ করা সম্ভব নয়। তবে তাঁদের অভিযোগের সঙ্গে খসড়া প্রতিবেদনটি অনেকটাই সামঞ্জস্যপূর্ণ বলে তিনি মনে করেন।

 

শু/আজা

বিষয়:

মামুনুল হক
এলাকার খবর

সম্পর্কিত