প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন সমস্যা নিয়ে পেকুয়ায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বললেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে রাশেদ খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।
এর আগে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন রাশেদ খাঁন। পরে তার বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।
তিনি বলেন, ‘আপনারা এতটুকু বিশ্বাস রাখুন,পূর্ণ ন্যায়বিচার পাবেন।’
রাশেদ খাঁন আরও বলেন, জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসেন। তাই শহীদ ওয়াসিমের কবরে প্রবেশের প্রধান সড়কটির টেকসই উন্নয়নের উদ্যোগ শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রহণ করবেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে রাশেদ খাঁন বলেন, যারা জুলাই আন্দোলনে বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জন্য ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামই জবাব।
তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন।