উখিয়ায় পেটে ইয়াবা বহনকালে ৪১০০ পিস ইয়াবাসহ গাজীপুরের তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচার করার সময় শাকিলা খাতুন (২৩) নামের এক তরুণীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার শরীর থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাকিলা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ, বাঘিয়া, নীলনগর এলাকার বাসিন্দা। 

​এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের একটি দল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রথমে শাকিলা খাতুনের কাছ থেকে ২০টি প্যাকেট ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি আরও কিছু ইয়াবার প্যাকেট গিলে ফেলেছেন বলে স্বীকার করেন।

​তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে ইয়াবার প্যাকেটগুলোর উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় তার শরীর থেকে ইয়াবাগুলো বের করা হয়। সর্বমোট ৮২টি প্যাকেট থেকে ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​মাদক পাচারের এমন অভিনব ও ঝুঁকিপূর্ণ কৌশল দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বিস্মিত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাকিলা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

বিষয়:

কক্সবাজার
এলাকার খবর

সম্পর্কিত