ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নেত্রকোনা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্ত্যপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‍্যাব-১৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে পলাতক আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় ভিডিও তৈরির অজুহাতে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন রিপন। গত ৩০ জুলাই রাত আটটার দিকে জরুরি কথা আছে বলে তাঁকে বাড়ি থেকে ডেকে মগড়া নদীর উত্তর পাড়ে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর গত সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ ও গ্রাম ছাড়তে তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।

সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তার রিপন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপন মিয়া পেশায় কাঠমিস্ত্রি। ২০১৬ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করে পরিচিতি পান তিনি। ২০১৯ সালে তাঁর নামে খোলা ফেসবুক পেজটিতে বর্তমানে প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত