জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে নারী, পুরুষ এবং শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের অবর্ণনীয় দুর্ভোগ ও সংকটের কথা তুলে ধরেন। তারা দীর্ঘক্ষণ গেটপাড় সড়ক অবরোধ করে এবং ট্রেন আটকিয়ে রেখে দাবি আদায়ের চেষ্টা করে।
মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলো হলো, স্থায়ী জলাবদ্ধতা নিরসন : সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দিনের পর দিন ঘরের দোরগোড়ায় ও রাস্তায় পানি জমে থাকে। অবিলম্বে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্বাভাবিক চলাচলের রাস্তা নির্মাণ : দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকার রাস্তাগুলো সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অবিলম্বে নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে এই জনদুর্ভোগ নিরসন করতে হবে।
বিদ্যুৎ লাইন সংস্কার : এলাকায় থাকা বিদ্যুৎ লাইনগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত এই বিদ্যুৎ লাইনগুলো সংস্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জামালপুর পৌরসভার নাগরিক হিসেবে তারা নিয়মিত কর ও পৌর ট্যাক্স পরিশোধ করলেও কাঙ্ক্ষিত ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো নিয়ে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে বাধ্য হয়েই আজ তারা রাজপথে এসে এই প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।
এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি পানি নিষ্কাশনের সাময়িক ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের কাজ শুরু না করা হয়, তবে আগামীতে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
শু/আজা