সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ‘স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফউদ্দিন জুয়েল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
এ ছাড়া বক্তব্য দেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্যসচিব সেলিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন, আবু হুজাইফা রকি, ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সোহেল রানা, ছাত্রশক্তির সদস্যসচিব আল নোমান নিরব, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউনুস, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আরাফাত হোসেন তপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সভায় শরিফউদ্দিন জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্য সচেতনতায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মানুষের সেবায় কাজ করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার নানা উদ্যোগ নিয়েছে, সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা মাঠে রয়েছি।’
ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। তিনি জানান, স্বাস্থ্য খাতে বর্তমান সরকার ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা জিডিপির ১ দশমিক ০১ শতাংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন, বর্তমান সভাপতি এইচ এম মাহিন, সাধারণ সম্পাদক এইচ এম ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মজুমদার রাব্বি, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ রাব্বিসহ সমিতির অন্যান্য সদস্যরা।
শু/আজা