নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় ব্যানারে নামের অবস্থান (ক্রমিক) নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম আজাহার উদ্দিন। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। আজাহার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীরা জানান, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলছিল। আলোচনার একপর্যায়ে কর্মসূচির ব্যানারে নামের অবস্থান নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিব হোসেনের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। এ সময় রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজাহার।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে আজাহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।